প্রশ্নফাঁস কাণ্ড: ড্রাইভার আবেদ আলীর ছেলে সিয়ামের বিচার শুরু

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- বুধবার, ১৭ জুন, ২০২৬

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রশ্নফাঁস কাণ্ডে আলোচিত ড্রাইভার সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে দুর্নীতি মামলায় অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে মামলাটির আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হলো।

বুধবার (১৭ জুন) ঢাকার বিভাগীয় বিশেষ জজ বেগম শামীমা আফরোজের আদালত এ আদেশ দেন। একই সঙ্গে আগামী ৯ জুলাই মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত।

আদালত সূত্রে জানা যায়, গত বছরের ৫ জানুয়ারি দুর্নীতি দমন কমিশন (দুদক) সৈয়দ আবেদ আলী, তার স্ত্রী শাহরিন আক্তার শিল্পী এবং ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে পৃথক দুর্নীতির মামলা দায়ের করে।

মামলার অভিযোগে বলা হয়, আবেদ আলীর ১২টি ব্যাংক হিসাবে ২০ কোটি ৮৮ লাখ ১৬ হাজার ৯৭১ টাকা জমা এবং ২০ কোটি ৪১ লাখ ৩ হাজার ৭৪১ টাকা উত্তোলনের তথ্য পাওয়া গেছে। অর্থাৎ তার ব্যাংক হিসাবগুলোতে ৪১ কোটির বেশি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে দুদক। এছাড়া আবেদ আলীর বিরুদ্ধে ৩ কোটি ৭২ লাখ ৯৯ হাজার ৯৯৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তার সম্পদের উৎস ও আর্থিক লেনদেন নিয়ে তদন্তের পর এ মামলা করা হয়।

অন্যদিকে, আবেদ আলীর স্ত্রী শাহরিন আক্তার শিল্পীর বিরুদ্ধেও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। দুদকের মামলায় তার বিরুদ্ধে ১ কোটি ২৬ লাখ ৬৩ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি তার দুটি ব্যাংক হিসাবে ৩ কোটি ৫৬ লাখ ৪০ হাজার ৭৩১ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্যও পাওয়া গেছে।

এদিকে আবেদ আলীর ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে ৩ কোটি ৩০ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি মামলা দায়ের করে দুদক। সেই মামলাতেই বুধবার আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। আদালতের এ আদেশের ফলে এখন মামলাটির সাক্ষ্যগ্রহণ, জেরা ও অন্যান্য বিচারিক কার্যক্রমের মাধ্যমে পরবর্তী ধাপ এগোবে।