প্রধানমন্ত্রীর মাথায় হাত বুলিয়ে দোয়া করলেন এক বৃদ্ধা

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- বুধবার, ১৭ জুন, ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করতে গিয়ে স্থানীয় এক বৃদ্ধার কাছ থেকে দোয়া পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৭ জুন) উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ওই বৃদ্ধা প্রধানমন্ত্রীর মাথায় হাত বুলিয়ে দোয়া করেন। এ দৃশ্য উপস্থিত মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আগামী এক বছরের মধ্যে দেশের সব চা বাগানের নারী শ্রমিকের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। তিনি বলেন, “দেশকে এগিয়ে নিতে নারী ও পুরুষকে একসঙ্গে কাজ করতে হবে। নারীদের স্বাবলম্বী না করতে পারলে তাদের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।”

সরকারের মূল লক্ষ্য মানুষের জীবনমানের উন্নয়ন ও ভাগ্যের পরিবর্তন উল্লেখ করে তিনি জানান, শ্রীমঙ্গলে চা শ্রমিক পরিবারের ১৫০ শিক্ষার্থীকে ইতোমধ্যে স্কলারশিপ দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী এক বছরের মধ্যে দেশের ৪০ লাখ কৃষকের মধ্যে কৃষক কার্ড বিতরণের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

স্বাস্থ্যসেবা খাতের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে শ্রীমঙ্গল উপজেলার ৫০ শয্যার হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করা হবে। এতে স্থানীয় মানুষের স্বাস্থ্যসেবা আরও সহজ ও উন্নত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বাজেট প্রসঙ্গে তারেক রহমান বলেন, জনগণের কল্যাণ ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে যে বাজেট প্রণয়ন করা হয়েছে, সেটিকে কেউ কেউ জনবিরোধী বলে আখ্যায়িত করছে। তিনি বলেন, “যারা জনবান্ধব বাজেটকে জনবিরোধী বলে, তারা কখনোই জনগণের প্রকৃত বন্ধু হতে পারে না। জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টার বিরুদ্ধে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে।”

এ সময় মৌলভীবাজারের উন্নয়নে বিএনপির অবদানের কথাও তুলে ধরেন তিনি। তিনি বলেন, জেলার বড় বড় সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন উন্নয়নমূলক কাজ বিএনপি সরকারের সময়, বিশেষ করে মরহুম এম সাইফুর রহমানের উদ্যোগে বাস্তবায়িত হয়েছিল।

বক্তব্যের শেষদিকে তিনি বলেন, “আমরা খালেদা জিয়ার সৈনিক। বাংলাদেশই আমাদের প্রথম ঠিকানা, বাংলাদেশই আমাদের শেষ ঠিকানা।” অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, চা শ্রমিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।