মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রী তারেক রহমানের জনসভাস্থলের পাশে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যা ৬টার দিকে শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠসংলগ্ন মিনি স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানস্থলের পাশে দাঁড়িয়ে থাকা এক যুবক হঠাৎ উচ্চস্বরে ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে শুরু করেন। এ সময় সেখানে থাকা কয়েকজন স্থানীয় ব্যক্তি ক্ষুব্ধ হয়ে তাকে মারধর করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আটক যুবকের নাম সোহেল রানা (৩০)। তিনি শ্রীমঙ্গল উপজেলার মতিগঞ্জ এলাকার মৃত ফয়জুর রহমানের ছেলে। পুলিশ জানায়, আটকের সময় তার গায়ে তারেক রহমানের ছবি সম্বলিত টি-শার্ট ছিল।
শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) হারুন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আটক যুবক নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। তিনি বলেন, ওই যুবক মিনি স্টেডিয়ামের পাশে দাঁড়িয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিচ্ছিলেন। পরে সেখানে থাকা কয়েকজন তাকে মারধর করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
তিনি আরও জানান, বর্তমানে ওই যুবক থানায় রয়েছে। বিষয়টি যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, বিএনপির নির্বাচনি ইশতেহারের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নিতে বুধবার (১৭ জুন) শ্রীমঙ্গলে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। তার আগমনকে ঘিরে প্রশাসন ও আয়োজকদের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। একই সঙ্গে অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।