নতুন এআই ফিচার নিয়ে বাজারে আসছে আইফোন ১৮

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- বুধবার, ১৭ জুন, ২০২৬

স্মার্টফোন বাজারে এখন সবচেয়ে বড় প্রতিযোগিতার ক্ষেত্র হয়ে উঠেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি। গুগল, স্যামসাংসহ প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে পাল্লা দিতে এবার নিজেদের স্মার্টফোনে আরও শক্তিশালী এআই সুবিধা যুক্ত করার প্রস্তুতি নিচ্ছে অ্যাপল। প্রতিষ্ঠানটির আসন্ন আইফোন ১৮ সিরিজে বড় ধরনের হার্ডওয়্যার আপগ্রেড আসতে পারে বলে প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা।

সম্প্রতি অনুষ্ঠিত ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপারস কনফারেন্স (ডব্লিউডব্লিউডিসি) ২০২৬-এ অ্যাপল নতুন সিরি এবং একাধিক এআই-ভিত্তিক ফিচারের ঘোষণা দিয়েছে। এসব প্রযুক্তি আরও কার্যকরভাবে ব্যবহারকারীদের কাছে পৌঁছে দিতে আইফোন ১৮ সিরিজে বাড়ানো হতে পারে ডিভাইসের সক্ষমতা।

একটি নতুন প্রতিবেদনে দাবি করা হয়েছে, আইফোন ১৮ সিরিজের সব মডেলেই ১২ জিবি র‍্যাম যুক্ত করতে পারে অ্যাপল। এর মধ্যে সাধারণ আইফোন ১৮ মডেলও থাকবে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে অ্যাপলের উন্নত এআই ফিচারগুলো চালানোর জন্য বেশি মেমোরির প্রয়োজন হওয়ায় এই পরিবর্তন আনা হতে পারে।

বর্তমান আইফোন ১৭ সিরিজের বেশিরভাগ মডেলে ৮ জিবি র‍্যাম থাকার কথা রয়েছে। ফলে নতুন প্রজন্মের এআই সুবিধাগুলোর পুরো ব্যবহার সীমিত হতে পারে। বিশেষ করে অন-ডিভাইস এআই মডেল চালানোর জন্য বেশি র‍্যামের প্রয়োজন হয়। আইফোন ১৮ সিরিজে ১২ জিবি র‍্যাম থাকলে আরও বেশি ব্যবহারকারী উন্নত এআই ফিচার ব্যবহারের সুযোগ পাবেন।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, অ্যাপলের নতুন এআই ফাউন্ডেশন মডেল ভবিষ্যতের সিরিকে আরও স্মার্ট করে তুলবে। ব্যবহারকারীর অভ্যাস বুঝে কাজ করা, জটিল নির্দেশনা বিশ্লেষণ, কনটেন্ট তৈরি এবং ব্যক্তিগত ডিজিটাল সহকারী হিসেবে সিরির কার্যকারিতা বাড়বে। এসব কাজের জন্য উচ্চক্ষমতার র‍্যাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তবে আইফোন ১৮-এর চূড়ান্ত স্পেসিফিকেশন নিয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এর আগে কিছু প্রতিবেদনে বলা হয়েছিল, উৎপাদন খরচ নিয়ন্ত্রণে রাখতে অ্যাপল কিছু হার্ডওয়্যার পরিবর্তন করতে পারে। র‍্যাম ও চিপসেটের ক্ষেত্রেও ভিন্ন সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনার কথা উঠে এসেছে।

এদিকে বিশ্ববাজারে ড্রাম ও ন্যান্ড মেমোরি চিপের দাম বাড়ায় স্মার্টফোন উৎপাদন খরচও বৃদ্ধি পেয়েছে। তারপরও এআই-নির্ভর ভবিষ্যৎ স্মার্টফোন বাজারে নেতৃত্ব ধরে রাখতে অ্যাপল ১২ জিবি র‍্যামের সিদ্ধান্ত নিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্স চলতি বছরের সেপ্টেম্বর মাসে উন্মোচন হতে পারে। একই অনুষ্ঠানে অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোনও আসতে পারে বলে গুঞ্জন রয়েছে। তবে এসব তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি প্রতিষ্ঠানটি।