শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে ফেনসিডিল ও বিপুল ভারতীয় ওষুধ জব্দ

শ্যামনগর প্রতিনিধি, এস কে সিরাজ   প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

সাতক্ষীরার শ্যামনগরে প্রায় ৩৩ লক্ষ টাকার ফেনসিডিল ও শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

গত সোমবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, উপকূলীয় ও সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে শ্যামনগর থানার বড় হোগলডোরা খাল সংলগ্ন এলাকায় রাত ১টার দিকে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি চালায় কোস্ট গার্ড স্টেশন কৈখালী।

অভিযান চলাকালে ওই এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১ হাজার ৩১৯ বোতল ফেনসিডিল এবং অবৈধভাবে আনা বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৩ লাখ ১৯ হাজার টাকা। জব্দকৃত মাদক ও ওষুধের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।

এদিকে স্থানীয় একটি সূত্র জানিয়েছে, সুন্দরবন সংলগ্ন গোলাখালী ও টেংরাখালীসহ কয়েকটি এলাকার চিহ্নিত একটি চক্র দীর্ঘদিন ধরে সুন্দরবনের ভেতর দিয়ে মাদক ও অবৈধ ওষুধ পাচারের সঙ্গে জড়িত থাকতে পারে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত কিছু জানায়নি আইনশৃঙ্খলা বাহিনী। চোরাচালান ও মাদক প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।