ব্রাহ্মণবাড়িয়ায় মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিতের নির্দেশ দিলেন সিভিল সার্জন

সরাইল ক্রাইম রিপোর্টার, ফয়জুল কবির প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া জেলায় সকল সরকারি ও বেসরকারি হাসপাতালকে মানসম্মত চিকিৎসাসেবা প্রদানের নির্দেশনা দিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. নোমান।

তিনি বলেন, রোগীদের সঠিক ও সময়োপযোগী চিকিৎসা নিশ্চিত করতে হবে এবং কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জেলার সব হাসপাতালকে জনগণের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি আরও জানান, বিশেষ করে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোকে রোগীদের অপ্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা থেকে বিরত থাকতে হবে। একই সঙ্গে স্বাস্থ্যসেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে দালালমুক্ত পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ডা. নোমান সকল চিকিৎসক, হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সবার সহযোগিতায় ব্রাহ্মণবাড়িয়া জেলায় আরও উন্নত ও জনবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হবে।