জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসকে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (১৬ জুন) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় মহিলা সংস্থা আইন, ১৯৯১-এর ধারা ৮(১) ও ৮(২) অনুযায়ী যোগদানের তারিখ থেকে আফরোজা আব্বাসকে চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর পর্যন্ত তার কার্যকাল বহাল থাকবে। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই সরকার প্রয়োজনবোধে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবে।

এ ছাড়া আফরোজা আব্বাসও সরকারের উদ্দেশে স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে যে কোনো সময় পদত্যাগ করতে পারবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে তার এ দায়িত্ব হবে অবৈতনিক।

আফরোজা আব্বাস বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসের সহধর্মিণী। দীর্ঘদিন ধরে তিনি দলীয় ও নারী উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।