আশুরা কবে, জানা যাবে আজ

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

পবিত্র আশুরার তারিখ নির্ধারণে আজ (মঙ্গলবার) বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা এবং আশুরার তারিখ নির্ধারণের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ সংলগ্ন ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এ সভা অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। সভায় দেশের বিভিন্ন স্থানে মহররম মাসের চাঁদ দেখার তথ্য পর্যালোচনা করে পবিত্র আশুরার সঠিক তারিখ নির্ধারণ করা হবে।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেলে তাৎক্ষণিকভাবে জাতীয় চাঁদ দেখা কমিটিকে অবহিত করার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে নির্ধারিত টেলিফোন নম্বরে যোগাযোগ করার পাশাপাশি সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) চাঁদ দেখার তথ্য জানানোর অনুরোধ করা হয়েছে।

ইসলাম ধর্মাবলম্বীদের কাছে মহররম মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ। এ মাসের ১০ তারিখ পবিত্র আশুরা হিসেবে পালিত হয়। দিনটি মুসলিম বিশ্বের জন্য ধর্মীয় তাৎপর্যপূর্ণ একটি উপলক্ষ। জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মহররম মাসের চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের পবিত্র আশুরার তারিখ ঘোষণা করা হবে।