৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের সময় জানা গেল

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- সোমবার, ১৫ জুন, ২০২৬

চলতি জুন মাসের মধ্যেই ৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করতে পারে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। মৌখিক পরীক্ষা শেষ পর্যায়ে থাকায় ফলাফল প্রস্তুতের কাজ দ্রুত এগিয়ে নিচ্ছে কমিশন।

সোমবার (১৫ জুন) পিএসসির একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, ৪৭তম বিসিএসের মৌখিক পরীক্ষা প্রায় সম্পন্ন হয়েছে। বর্তমানে চূড়ান্ত ফলাফল তৈরির কারিগরি ও প্রশাসনিক কার্যক্রম চলছে। জুনের মধ্যেই সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের তালিকা প্রকাশের লক্ষ্যে কাজ করছে কমিশন।

সূত্রটি আরও জানায়, বিসিএস নিয়োগ প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা কমাতে পিএসসি ‘এক বিসিএস, এক বছর’ নীতি বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে। এই পরিকল্পনার আওতায় কোনো বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ থেকে চূড়ান্ত ফলাফল প্রকাশ পর্যন্ত পুরো প্রক্রিয়া ১২ মাসের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পিএসসির পরিকল্পনা অনুযায়ী, ৫০তম বিসিএস থেকে এ নীতি পুরোপুরি কার্যকর করা হবে।

এর আগে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এতে ৩ হাজার ৬৩১ জন প্রার্থী উত্তীর্ণ হন। পরবর্তীতে মে মাস থেকে তাদের মৌখিক পরীক্ষা গ্রহণ শুরু হয়, যা বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে।

পিএসসির বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪৭তম বিসিএসের মাধ্যমে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ক্যাডার পদ রয়েছে ৩ হাজার ৪৮৭টি এবং নন-ক্যাডার পদ রয়েছে ২০১টি।

চূড়ান্ত ফলাফল চলতি মাসে প্রকাশিত হলে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে হাজারো চাকরিপ্রার্থীর। বিশেষ করে বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন দেখা প্রার্থীদের জন্য এটি হবে বহুদিনের অপেক্ষার কাঙ্ক্ষিত মুহূর্ত। পিএসসির কর্মকর্তারা আশা করছেন, নির্ধারিত সময়ের মধ্যেই ফলাফল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়াকে আরও গতিশীল ও সময়োপযোগী করা সম্ভব হবে।