মাদারীপুরে ট্রাক ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

মাদারীপুর জেলা প্রতিনিধি, প্রণব কুমার সাহা প্রকাশিত হয়েছে- সোমবার, ১৫ জুন, ২০২৬

মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে ট্রাক ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে ডাসার উপজেলার পান্তাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির তথ্য অনুযায়ী, বরিশালগামী একটি ট্রাক এবং ঢাকা থেকে দক্ষিণাঞ্চলে সংবাদপত্র বহনকারী একটি মিনি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে সংবাদপত্রবাহী ট্রাকটির সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই ওই ট্রাকের চালক মারা যান। আহত হন আরও চারজন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যান। পরে মাদারীপুর ফায়ার সার্ভিস এবং হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে এবং দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

মস্তফাপুর হাইওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ সম্পন্ন করে। নিহত চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।