ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় বিল্লাল হোসেন (৩৭) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
সোমবার (১৫ জুন) বিকেলে ভরাডোবা-ঘাটাইল সড়কের উপজেলার ভরাডোবা হোম গার্ডেনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিল্লাল হোসেন গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকার মৃত আফসার উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন মুদি ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বিল্লাল হোসেন ভালুকা উপজেলার মেদুয়ারী এলাকায় বন্ধুর বাড়ি থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন। পথে ভরাডোবা-ঘাটাইল সড়কের ভরাডোবা হোম গার্ডেন এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ভালুকা উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বড় ভাই আনছার উদ্দিন জানান, তার ভাই বন্ধুর বাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়ে মারা যান। ভালুকা মডেল থানার উপপরিদর্শক সবুজ মিয়া জানান, মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।