বিচার বিভাগে ৮২ স্থায়ী লিগ্যাল এইড পদ বাড়ল

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- সোমবার, ১৫ জুন, ২০২৬

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসে আইনগত সহায়তা কার্যক্রম আরও শক্তিশালী করতে রাজস্ব খাতে স্থায়ীভাবে ৮২টি নতুন লিগ্যাল এইড পদ সৃজন করেছে সরকার।

সম্প্রতি এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিচারপ্রার্থীদের জন্য আইনগত সহায়তা আরও সহজলভ্য ও কার্যকর করতে এসব পদ সৃষ্টি করা হয়েছে।

নতুন পদগুলোর মধ্যে গ্রেড–৩ পর্যায়ে ৭২টি “চিফ লিগ্যাল এইড অফিসার” পদ রাখা হয়েছে। এর মধ্যে দেশের ৬৪টি জেলা লিগ্যাল এইড অফিসে ৬৪টি পদ এবং ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল মহানগর লিগ্যাল এইড অফিসে ৮টি পদ থাকবে। এছাড়া গ্রেড–৩ পর্যায়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের জন্য আরও ২টি “লিগ্যাল এইড অফিসার (যুগ্ম জেলা ও দায়রা জজ)” পদ সৃজন করা হয়েছে।

অন্যদিকে গ্রেড–৪ পর্যায়ে ৮টি “লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ)” পদ সৃষ্টি করা হয়েছে, যা দেশের ৮টি মহানগর লিগ্যাল এইড অফিসে দায়িত্ব পালন করবে। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, পূর্বে সৃজিত “সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসার (অতিরিক্ত জেলা ও দায়রা জজ)” পদের নাম পরিবর্তন করে নতুনভাবে “চিফ লিগ্যাল এইড অফিসার (অতিরিক্ত জেলা ও দায়রা জজ), সুপ্রিম কোর্ট” করা হয়েছে। তবে এই পদের বেতন স্কেলে কোনো পরিবর্তন আনা হয়নি।

নতুন সৃষ্ট পদগুলোর ব্যয়ভার আইন ও বিচার বিভাগের আওতাধীন বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের বরাদ্দকৃত বাজেট থেকে বহন করা হবে। বিচারিক পদ সৃজন কমিটির সুপারিশ এবং রাষ্ট্রপতির অনুমোদনক্রমে এসব পদ সৃষ্টি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।