ফিলিং নস্টালজিক: জার্মানির ৭ গোলে আর্জেন্টিনার ভক্ত

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- সোমবার, ১৫ জুন, ২০২৬

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় আবারও মেতে উঠেছে গোটা বিশ্ব। সেই উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে দেশের শোবিজ অঙ্গনেও। প্রিয় দলের প্রতি সমর্থন জানাতে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন তারকারা। গতকাল কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির দাপুটে বড় জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেছে নানান প্রতিক্রিয়া ও নস্টালজিয়ার আবহ।

ম্যাচে জার্মানির গোলবন্যার পর সবচেয়ে বেশি আলোচনায় আসেন আর্জেন্টিনা সমর্থক তারকারা। অনেকেই এই জয়কে ঘিরে ফিরে যান ২০১৪ বিশ্বকাপের সেই ঐতিহাসিক ম্যাচের স্মৃতিতে, যেখানে ব্রাজিলের বিপক্ষে জার্মানি সাত গোল দিয়েছিল।

দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ফেসবুকে খেলার শেষ মুহূর্তেই লেখেন, “জার্মানি এটা কী দেখাচ্ছে!” ম্যাচ শেষে আরেকটি পোস্টে তিনি লেখেন, “সাত এক ফিলিং নস্টালজিক।” একই সুরে অভিনেত্রী তানজিকা আমিন তার ফেসবুক পোস্টে লেখেন, “ফিলিং নস্টালজিক… জার্মানি সাতটা গোল দিয়েছে… জাস্ট সেয়িং।”

সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের এই মন্তব্য ঘিরে ভক্তদের মধ্যেও শুরু হয় আলোচনার ঝড়। ফুটবলপ্রেমীদের অনেকে বলছেন, জার্মানির বড় জয়ের খবর শুনেই অনেক আর্জেন্টিনা সমর্থকের মনে ফিরে এসেছে পুরোনো সেই সাত এক পরাজয়ের স্মৃতি, যা এখনো বিশ্ব ফুটবলের অন্যতম আলোচিত ঘটনা। শোবিজ অঙ্গনে বরাবরের মতোই আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের সংখ্যাই বেশি। বিশ্বকাপ এলেই তাদের সমর্থন ও উচ্ছ্বাস নতুন মাত্রা পায়। ইতোমধ্যে মেহজাবীনসহ একাধিক তারকাকে আর্জেন্টিনার জার্সিতে দেখা গেছে।

এর আগেও তানজিকা আমিন স্বামী সাইফ বাসুনিয়ার সঙ্গে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী আকাশি সাদা জার্সি পরে ছবি শেয়ার করেছিলেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছিল। ফুটবল ঘিরে তারকাদের এই আবেগ, স্মৃতি ও মজার প্রতিক্রিয়া আবারও প্রমাণ করছে—বিশ্বকাপের উন্মাদনা শুধু মাঠে নয়, বিনোদন জগতের প্রতিটি স্তরেই ছড়িয়ে পড়েছে।