দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। সবশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ ও নিশ্চিত হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৫২ জনে।
রোববার (১৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (১৩ জুন) সকাল ৮টা থেকে রোববার (১৪ জুন) সকাল ৮টা পর্যন্ত সময়ে চার শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও খুলনা বিভাগে একজন করে মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৫৬০ শিশু। এছাড়া পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া হামে মৃত্যু হয়েছে আরও ৯২ শিশুর। ফলে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৬৫২ জনে পৌঁছেছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১ হাজার ৫২ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৫ হাজার ৯৫১ জনে।
একই সময়ে নতুন করে ৭৫ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। ফলে দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১০ হাজার ৩২৩ জন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত তিন মাসে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০ হাজার ৫৭৯ জন রোগী। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬৬ হাজার ৮৪১ জন।
তবে স্বস্তির বিষয় হলো, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তারপরও উপসর্গজনিত মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। স্বাস্থ্য অধিদপ্তর হামের বিস্তার রোধে শিশুদের টিকাদান নিশ্চিত করা, আক্রান্ত ব্যক্তিদের দ্রুত চিকিৎসার আওতায় আনা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে।