হরিণটানায় ডালিম গাজী হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধি, তরিকুল ইসলাম প্রকাশিত হয়েছে- রবিবার, ১৪ জুন, ২০২৬

বটিয়াঘাটা উপজেলার হরিণটানা থানার কৈয়াবাজার এলাকায় ডালিম গাজী হত্যাকাণ্ডের ঘটনায় দীর্ঘদিন ধরে চলা অভিযানে অবশেষে প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার পর থেকেই হরিণটানা থানার একাধিক টিম গোপন সংবাদের ভিত্তিতে এবং ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ১৩ জুন ২০২৬  দুপুর ১টা ৪০ মিনিটে ওসি হেলাল উদ্দিনের দিকনির্দেশনায় কৈয়াবাজার এলাকার বিধান সড়কের অস্থায়ী ডে-লেবার হাট এলাকা থেকে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত আসামি জয়নাল আবেদীন গাইন (৩৭)-কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত জয়নাল আবেদীন গাইন সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার চম্পাফুল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জগদীশকাঠি এলাকার বাসিন্দা। তার পিতার নাম কাশেম গাইন। তার বিরুদ্ধে ২৪ মে ২০২৬ তারিখে হরিণটানা থানায় হত্যা মামলা (মামলা নং-০৭) দায়ের হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছে যে, ভিকটিম ডালিম গাজীর সঙ্গে ২০০ টাকা ধার নেওয়াকে কেন্দ্র করে তার বিরোধ ও মারামারি হয়। ঘটনার দিন ভোররাতে মসজিদের পাশ থেকে একটি ইট দিয়ে ঘুমন্ত অবস্থায় ডালিম গাজীর মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার লুঙ্গির কোঁচড়ে থাকা প্রায় ৪ হাজার টাকা নিয়ে সে পালিয়ে যায় বলেও স্বীকার করে।

পুলিশ আরও জানায়, ঘটনার পর থেকে আসামি নিজ বাড়িতে আত্মগোপনে ছিল। তাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।