সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কড়া হুঁশিয়ারী বিমানমন্ত্রীর

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- রবিবার, ১৪ জুন, ২০২৬

জনগণের টাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা প্রদান করা হয় উল্লেখ করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, জনগণ যথাযথ সেবা না পেলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। তিনি সতর্ক করে বলেন, জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে প্রশাসনের প্রতি আস্থা কমে যাবে।

রোববার (১৪ জুন) দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় জেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, দীর্ঘ সংগ্রাম ও রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে বর্তমান সরকার জনগণের সমর্থন ও ভালোবাসা অর্জন করে দায়িত্ব গ্রহণ করেছে। তিনি বলেন, সরকার পরিবর্তন হলেও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব হলো রাষ্ট্রের কর্মচারী হিসেবে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করা এবং সরকারের নীতিমালা বাস্তবায়নে সহযোগিতা করা।

তিনি আরও বলেন, অতীত সরকারের কার্যক্রম বা ব্যক্তিগত সুবিধার ভিত্তিতে যদি কেউ বর্তমান সরকারের কাজে বাধা সৃষ্টি করেন, তাহলে তা জনগণ মেনে নেবে না। জনগণের সেবা ব্যাহত হলে জনগণের প্রতিক্রিয়া কঠোর হতে পারে বলেও তিনি সতর্ক করেন। তার ভাষায়, “জনগণ যখন ক্ষুব্ধ হয়ে অফিস ঘেরাও করবে, তখন পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হবে।”

সভায় তিনি প্রশাসনিক কর্মকর্তাদের উদ্দেশে বলেন, নিজেদের মর্যাদা বজায় রেখে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে এবং যে কোনো মূল্যে জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে হবে। এ সময় তিনি মাদকবিরোধী কার্যক্রম জোরদারের আহ্বান জানান। মন্ত্রী বলেন, মাদকসেবীদের নয়, বরং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। তার মতে, মাদক সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, তাই এটি প্রতিরোধে প্রশাসনকে আরও সক্রিয় হতে হবে।

তিনি আরও বলেন, তরুণ ও কিশোরদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবে, যাতে তারা মাদকের মতো ক্ষতিকর পথে না যায়। সরকারও খেলাধুলা ও যুব উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে তিনি উল্লেখ করেন। সভায় জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম, জেলা সিভিল সার্জন ডা. আইভি ফেরদৌসীসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।