লালমনিরহাট চেম্বার নির্বাচন ২০২৬: সভাপতি পদে সেলিম সবুজের জয়

লালমনিরহাট প্রতিনিধি, ফারুক সূর্য প্রকাশিত হয়েছে- রবিবার, ১৪ জুন, ২০২৬

লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন ২০২৬-এ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সেলিম সবুজ। তিনি মোট ২৬৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মোকছেদুর রহমান পান ২১৫ ভোট।

নির্বাচন পরিচালনা বোর্ডের তথ্য অনুযায়ী, আজ সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৫৭৭ জন ভোটারের মধ্যে ৪৯২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এদের মধ্যে ৯টি ভোট বাতিল হিসেবে গণ্য করা হয়।

ভোটগ্রহণ শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক।

নবনির্বাচিত সভাপতি মোঃ সেলিম সবুজ আগামী দুই বছর লালমনিরহাট চেম্বার অব কমার্সের পরিচালনা পর্ষদের নেতৃত্ব দেবেন। তিনি প্রতিক্রিয়ায় জানান, ব্যবসায়ীদের আস্থার মর্যাদা রক্ষা করে তিনি বাণিজ্য প্রসারে নতুন উদ্যোগ গ্রহণে কাজ করবেন।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক।