কাউয়ারখোপ–মনিরঝিল সেতু বাস্তবায়নের দাবিতে আবারও সরব এলাকাবাসী

কক্সবাজার প্রতিনিধি, মোহাম্মদ নোমান প্রকাশিত হয়েছে- রবিবার, ১৪ জুন, ২০২৬

কক্সবাজারের রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়ন এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত ‘কাউয়ারখোপ–মনিরঝিল সেতু’ প্রকল্প পুনরায় বাস্তবায়নের দাবিতে আবারও সোচ্চার হয়েছেন স্থানীয়রা।

বাঁকখালী নদীর ওপর প্রস্তাবিত এই সেতু দুই উপজেলার প্রায় ৫০ থেকে ৬০ হাজার মানুষের যোগাযোগ সহজ করার কথা ছিল। তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর অনুমোদিত প্রকল্পটি বাতিল হয়ে যাওয়ায় দীর্ঘদিনের এই প্রত্যাশা এখনও পূরণ হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয় সূত্রে জানা যায়, স্বাধীনতার পর থেকেই নদীটি দুই এলাকার মানুষের জন্য বড় ধরনের যোগাযোগ প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছে। শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য এবং কৃষিপণ্যের পরিবহনে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হচ্ছে এলাকাবাসীকে।

২০২১ সালের ২২ আগস্ট স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কনসালট্যান্ট আকতারুজ্জামান প্রস্তাবিত সেতুর স্থান পরিদর্শন করেন। এরপর সেতুর নকশা প্রণয়ন, হাইড্রোলজিক্যাল ও মরফোলজিক্যাল সমীক্ষা, সয়েল টেস্ট এবং ডিজিটাল সার্ভের কাজও সম্পন্নের প্রস্তুতি নেওয়া হয়েছিল।

তৎকালীন সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেছিলেন, সেতুটি নির্মিত হলে রামু ও নাইক্ষ্যংছড়ির মধ্যে যোগাযোগ ব্যবস্থা সহজ হবে এবং অবহেলিত মনিরঝিল এলাকার অবকাঠামোগত উন্নয়ন, কৃষি ও বাণিজ্য প্রসারসহ স্থানীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

তবে প্রকল্পটি পরবর্তীতে বাস্তবায়িত না হওয়ায় হতাশা বাড়ে স্থানীয়দের মধ্যে। বর্তমানে তারা আবারও জোরালোভাবে সেতু নির্মাণের দাবি তুলেছেন।

এলাকাবাসীর দাবি, এটি শুধু একটি অবকাঠামোগত প্রকল্প নয়, বরং দুই জেলার মানুষের জীবনমান উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। তাই দ্রুত প্রকল্পটি পুনরায় অনুমোদন দিয়ে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।