এবার কুড়িগ্রাম সীমান্তে পুশ ইনের চেষ্টা রুখে দিয়েছে বিএসএফ

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- রবিবার, ১৪ জুন, ২০২৬

কুড়িগ্রামের রৌমারী উপজেলার দুটি সীমান্ত দিয়ে নারী, শিশু ও পুরুষসহ ৯ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধের মুখে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। রোববার (১৪ জুন) ভোরে রৌমারী উপজেলার গয়টাপাড়া ও বড়াইবাড়ি ভন্দুরচর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, ভারতের আসাম রাজ্যের ধুবড়ি জেলার জালুর চর বিএসএফ ক্যাম্পের সদস্যরা আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৬০/১এস সংলগ্ন এলাকা দিয়ে ৩ জন পুরুষ, ১ জন নারী ও ২ জন শিশুসহ মোট ৬ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। এ সময় বিজিবি সদস্য ও স্থানীয় বাসিন্দারা বাধা দিলে পুশইনের চেষ্টা ব্যর্থ হয়। তবে অভিযোগ রয়েছে, পরে বিএসএফ সদস্যরা ওই ৬ জনকে সীমান্তের কাঁটাতার সংলগ্ন ফাঁকা মাঠে রেখে যায়।

একই সময়ে বড়াইবাড়ি বিওপি ক্যাম্পসংলগ্ন ভন্দুরচর সীমান্ত দিয়েও আরও ৩ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়। সেখানেও বিজিবি ও স্থানীয়দের তৎপরতায় বিএসএফের উদ্যোগ সফল হয়নি। ঘটনার পর সীমান্ত এলাকায় উত্তেজনা সৃষ্টি হলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে।

জামালপুর-৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান পুশইনের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “বিএসএফ নারী, শিশু ও পুরুষসহ মোট ৯ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছিল। বিজিবি ও স্থানীয় জনগণের বাধার মুখে তারা তা করতে পারেনি।” তিনি আরও জানান, বিষয়টি নিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের জন্য আহ্বান জানানো হয়েছে। সীমান্তে নজরদারি জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বিজিবি।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন সীমান্ত এলাকায় পুশইনের অভিযোগ সামনে আসার প্রেক্ষাপটে কুড়িগ্রামের এ ঘটনাও নতুন করে উদ্বেগ তৈরি করেছে। সীমান্তে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান প্রত্যাশা করছেন স্থানীয়রা।