লালমনিরহাটে সিলিং ফ্যান ছিঁড়ে পড়ে দাদী-নাতি আ’হ’ত

​লালমনিরহাট জেলা প্রতিনিধি, ফারুক সূর্য প্রকাশিত হয়েছে- শনিবার, ১৩ জুন, ২০২৬

লালমনিরহাটে ঘরের সিলিং ফ্যান খুলে পড়ে দাদী ও নাতি আহত হয়েছেন। গত ১১ জুন (বৃহস্পতিবার) রাতে শহরের বাবুপাড়া ৭ নম্বর ওয়ার্ড পৌরসভা এলাকার নিজ বাসভবনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে শিশু ফাইক চাঁদ (৬) বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৮টার দিকে খাটে বসে দাদী-নাতি একসঙ্গে টেলিভিশন দেখছিলেন। এ সময় হঠাৎ চালু থাকা সিলিং ফ্যানটি ছিঁড়ে তাদের ওপর পড়ে যায়। এতে শিশু ফাইক চাঁদের মাথায় গুরুতর আঘাত লাগে এবং দাদীও আহত হন। তার হাতের কব্জিতে আঘাতের কারণে ফুলে যায়।

প্রথমে স্থানীয়ভাবে লালমনিরহাট সদর হাসপাতালে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে বাসায় ফেরার পথে অবস্থার অবনতি হলে শিশু ফাইক চাঁদ বমি করতে শুরু করে এবং খিঁচুনি ওঠে। দ্রুত তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

সেখানে জরুরি বিভাগে তাকে চিকিৎসা দেওয়া হয় এবং খিঁচুনি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে শিশুটি নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। চিকিৎসকরা পরবর্তী ধাপে তার মাথার সিটি স্ক্যান করার পরামর্শ দিয়েছেন।

শিশুটির বাবা সাংবাদিক ফারুক সূর্য জানান, দুর্ঘটনার সময় বিকট শব্দ শুনে তিনি ছুটে গিয়ে দেখেন ছেলে ও মা রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। বর্তমানে পরিবারের সদস্যরা হাসপাতালে অবস্থান করছেন এবং সন্তানের সুস্থতার জন্য উদ্বিগ্নভাবে অপেক্ষা করছেন।

এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের পরিবেশ বিরাজ করছে। স্বজন ও এলাকাবাসী শিশু ফাইক চাঁদের দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।