মোগলহাট সীমান্তে বিএসএফের ‘পুশইন’ চেষ্টা ব্যর্থ

স্টাফ রিপোর্টার, চঞ্চল প্রকাশিত হয়েছে- শনিবার, ১৩ জুন, ২০২৬

লালমনিরহাটের মোগলহাট ইউনিয়নের বনচৌকি সীমান্তে সন্দেহভাজন কিছু ব্যক্তিকে ‘পুশ-ইন’ করার একটি চেষ্টা বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধে ব্যর্থ হয়েছে। শুক্রবার (গতকাল) রাত সাড়ে ৮টার দিকে সীমান্ত পিলার ৯০৬/৮-এস এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবির তথ্য অনুযায়ী, ভারতের ৭৮ বিএসএফ-এর পাগলীমারী ক্যাম্প সংলগ্ন এলাকায় হঠাৎ আলো নিভে যাওয়ার পর অন্ধকারের সুযোগে একটি গাড়িতে করে ১০–১২ জন সন্দেহভাজন ব্যক্তিকে কাঁটাতারের গেটের দিকে আনা হয়। বিষয়টি বিজিবি টহল দল দেখতে পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে দ্রুত প্রতিরোধ গড়ে তোলে।

প্রতিবাদের মুখে বিএসএফ সদস্যরা ওই ব্যক্তিদের আবার ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নিয়ে যায় বলে জানা গেছে।পরবর্তীতে শনিবার সকালে ১৫ বিজিবির অধিনায়ক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিএসএফ কমান্ডারের সঙ্গে যোগাযোগ করেন। এ সময় বিএসএফ ঘটনাটিকে ‘কারিগরি ত্রুটি ও লোডশেডিংয়ের কারণে বিভ্রান্তি’ বলে উল্লেখ করে।

বর্তমানে দুই দেশের সীমান্ত বাহিনীর কোম্পানি কমান্ডার পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় অতিরিক্ত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

এদিকে ১৫ বিজিবির পক্ষ থেকে স্থানীয়দের সীমান্তের প্রচলিত নিয়ম-কানুন মেনে চলার এবং শূন্যরেখা (Zero Line) এলাকায় প্রবেশ না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।