মাদারীপুরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন

মাদারীপুর জেলা প্রতিনিধি, প্রণব কুমার সাহা প্রকাশিত হয়েছে- শনিবার, ১৩ জুন, ২০২৬

মাদারীপুরে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে দেশব্যাপী ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ জুন) দুপুরে জেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে শহিদ মিনার চত্বর ও লেকপাড় এলাকায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়।

এর আগে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ মর্জিনা আক্তারের সভাপতিত্বে শহিদ মিনার চত্বর ও লেকপাড় এলাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) মোছা. জেসমিন আকতার বানু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জুয়েল আহমেদ, এবং সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম খানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সাংবাদিক, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি ও শিক্ষার্থীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রীর এই মহতী উদ্যোগ বাস্তবায়নে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে গাছ লাগানোর আহ্বান জানানো হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এ কর্মসূচি সফল করতে প্রয়োজনীয় প্রশাসনিক সহযোগিতা ও নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।