প্রেমের টানে ভাতিজার সঙ্গে পালিয়েছেন গৃহবধূ

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- শনিবার, ১৩ জুন, ২০২৬

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় পারিবারিক বন্ধন ও সামাজিক সম্পর্ক উপেক্ষা করে প্রেমের টানে ঘর ছাড়ার অভিযোগ উঠেছে এক গৃহবধূর বিরুদ্ধে। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ জুন রাতে দৌলতপুর ইউনিয়নের গবরাপাড়া গ্রামের সানজেদুর রহমানের স্ত্রী রুমানা ইসলাম এবং তার স্বামীর আপন বড় ভাইয়ের ছেলে হাসান একসঙ্গে নিখোঁজ হন। এরপর থেকে তাদের কোনো খোঁজ না পেয়ে পরিবার বিষয়টি প্রকাশ্যে আনে।

নিখোঁজ রুমানা ইসলামের পাঁচ বছরের এক কন্যাসন্তান রয়েছে। মায়ের অনুপস্থিতিতে শিশুটি কান্নায় ভেঙে পড়ছে বলে জানিয়েছে পরিবার।

জানা গেছে, এর আগেও ঈদুল ফিতরের পর একই ধরনের ঘটনা ঘটেছিল। তখন স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসা করে রুমানাকে সংসারে ফিরিয়ে আনা হয়। তবে এবার তারা আর ফিরে আসেননি।

ভুক্তভোগী স্বামী সানজেদুর রহমান অভিযোগ করেন, তার স্ত্রী ঘর ছাড়ার সময় ঘরের আলমারি থেকে নগদ তিন লাখ টাকা ও প্রায় তিন ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যান। পরে তিনি ভাতিজা হাসানের সঙ্গে চলে যান বলে দাবি করেন। এদিকে অভিযুক্ত হাসানের পরিবারও ঘটনার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। হাসানের বাবা জানান, বিষয়টি পারিবারিকভাবে অত্যন্ত লজ্জাজনক এবং তিনি এ ঘটনার সঙ্গে একমত নন।

এখন পর্যন্ত রুমানা ও হাসান—কারও সঙ্গেই যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পরিবার। এ বিষয়ে স্থানীয় এক রাজনৈতিক নেতা বলেন, এটি শুধু একটি পারিবারিক বিষয় নয়, বরং সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের একটি উদাহরণ।

হরিণাকুণ্ডু থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, বিষয়টি তারা মৌখিকভাবে শুনেছেন। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।