বগুড়ার নন্দীগ্রামে মা-বাবার ওপর অভিমান করে বিষাক্ত কীটনাশক পান করে হাবিব হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার সিধইল গ্রামের আমজাদ হোসেনের ছেলে এবং পেশায় কৃষক ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ জুন সন্ধ্যায় পরিবারের কাছে এক লাখ টাকা চান হাবিব হোসেন। পরিবার পরের দিন টাকা দেওয়ার কথা বললে তিনি অভিমান করে বাড়ির সামনে গিয়ে কীটনাশক পান করেন এবং অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৩ জুন সকালে তার মৃত্যু হয়।
নন্দীগ্রাম থানার ওসি তারিকুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা প্রক্রিয়াধীন রয়েছে।