‘বাপে ফোন দেয়, ধরিস না ক্যান’ বলেই মোহাম্মদপুর ইন্টারনেট অফিসে হামলা

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ‘ডট ইন্টারনেট’ অফিসে ঢুকে হামলা, মারধর ও লুটপাটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৯ জুন) রাত পৌনে ৯টার দিকে লালমাটিয়া ই-ব্লকের একটি ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিষ্ঠানের করপোরেট কো-অর্ডিনেটর অফিসার সগীর হোসেন আসিফ মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলা ও সিসিটিভি ফুটেজ সূত্রে জানা যায়, মাস্ক পরা ২০-২৫ জনের একটি দল জোরপূর্বক অফিসে প্রবেশ করে প্রথমে অ্যাকাউন্টস শাখায় যায়। সেখানে তারা কর্মীদের মারধর করে এবং একপর্যায়ে ভীতিকর ভাষায় হুমকি দেয়। এ সময় তারা মালিক ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়ে জানতে চায়।

ভুক্তভোগীদের অভিযোগ, হামলাকারীরা অ্যাকাউন্টস ম্যানেজার ইব্রাহিম হাওলাদার ও ইলেকট্রিশিয়ান মো. জালালকে মারধর করে। পরে তারা মালিক প্রদীপ ঢালী এবং সিটিও মিঠু হাওলাদারকে খুঁজতে থাকে। একপর্যায়ে কর্মীদের জোরপূর্বক অফিস থেকে বের করে দেওয়া হয়।

হামলার সময় অফিস থেকে একটি সিপিইউ, একটি ওয়াইফাই রাউটার এবং একটি আইফোন লুট করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এসবের আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ২৩ হাজার ৫০০ টাকা।

ঘটনার সময় হামলাকারীরা কর্মীদের উদ্দেশে ভয়ভীতি ও হুমকিও দেয় বলে দাবি ভুক্তভোগীদের। একটি অডিও-সদৃশ বক্তব্যে হামলাকারীদের কণ্ঠে মালিকপক্ষের সঙ্গে যোগাযোগের ইঙ্গিতপূর্ণ কথাও শোনা যায়। এ বিষয়ে প্রতিষ্ঠানের সিটিও মিঠু হাওলাদার বলেন, তার কাছে কেউ কোনো ফোন বা হুমকি দেয়নি এবং কেন এ হামলা চালানো হয়েছে তা এখনো স্পষ্ট নয়।

ঘটনার পর আহত কর্মীরা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এদিকে প্রকাশ্য দিবালোকে এ ধরনের হামলা ও লুটপাটের ঘটনায় এলাকায় চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।