নাচোলে বিজ্ঞান উদ্ভাবনী সেমিনার ও প্রদর্শনী উদ্বোধন

নাচোল প্রতিনিধি, সফিকুল ইসলাম  প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ বিষয়ক দিনব্যাপি সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। অনুষ্ঠানটি বাস্তবায়ন করেছে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)।

উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাসের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়ার সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিসিএসআইআর-এর সিনিয়র সাইন্টিফিক অফিসার সানজিদা ইসলাম। তিনি “মাটি বিহীন ঘাস” বিষয়ক প্রবন্ধটি উপস্থাপন করেন।

সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য দেন নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম এবং নাচোল সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রভাষক আব্দুল্লাহ আল মামুন।

প্রদর্শনীতে ১৩টি স্টলে স্থানীয় উদ্ভাবিত প্রযুক্তির প্রদর্শনী স্থাপন করা হয়। প্রধান অতিথি জেলা প্রশাসক প্রদর্শনীগুলো পরিদর্শন করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার, নাচোল ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, নেজামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল হকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।