হাইতির ‘গ্যাং সাপ্রেশন ফোর্স’-এ অংশ নেবে বাংলাদেশ, জানালেন সেনাপ্রধান 

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- বুধবার, ১০ জুন, ২০২৬

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের নতুন উদ্যোগ হিসেবে হাইতিতে গঠিত ‘গ্যাং সাপ্রেশন ফোর্স’-এ বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও পুলিশ সদস্যরা অংশ নেবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বুধবার (১০ জুন) ঢাকার সেনানিবাসের সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ তথ্য জানান।

সেনাপ্রধান বলেন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় বাংলাদেশের অঙ্গীকার ক্রমাগতভাবে আরও শক্তিশালী হচ্ছে। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ দীর্ঘদিন ধরে দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

তিনি জানান, বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে জাতিসংঘের নয়টি শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের মোট ৪ হাজার ২১২ জন শান্তিরক্ষী দায়িত্ব পালন করছেন। এসব মিশনে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী এবং পুলিশ বাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে দায়িত্ব পালন করছেন।

নারী শান্তিরক্ষীদের অংশগ্রহণের বিষয়ে সেনাপ্রধান বলেন, বাংলাদেশ এ ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে। এখন পর্যন্ত মোট ৩ হাজার ৯০৫ জন নারী শান্তিরক্ষী সফলভাবে বিভিন্ন মিশনে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে ২৯৪ জন নারী সদস্য জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সক্রিয়ভাবে নিয়োজিত আছেন।

জেনারেল ওয়াকার-উজ-জামান আরও বলেন, ১৯৮৮ সাল থেকে জাতিসংঘের আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে আসছে। সময়ের সঙ্গে সঙ্গে বাংলাদেশ আন্তর্জাতিক শান্তিরক্ষায় একটি নির্ভরযোগ্য ও স্বীকৃত নাম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি উল্লেখ করেন, শান্তিরক্ষা মিশনের প্রকৃতি দ্রুত পরিবর্তিত হচ্ছে। নতুন ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক প্রশিক্ষণ, প্রযুক্তির ব্যবহার, চিকিৎসা ও প্রকৌশল সহায়তা এবং নারী শান্তিরক্ষীদের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও পুলিশ।