বর্তমান সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি অনুসরণ করছে: শামা ওবায়েদ

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- বুধবার, ১০ জুন, ২০২৬

বর্তমান সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বুধবার (১০ জুন) ঢাকার সেনানিবাসের সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী এবং পুলিশ বাহিনীর সদস্যরা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ ও অনন্য ভূমিকা পালন করে চলেছেন। তাদের পেশাদারিত্ব, নিষ্ঠা ও আত্মত্যাগ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য অবদান রাখছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের বিভিন্ন পর্যায় থেকে বাংলাদেশি শান্তিরক্ষীদের ভূয়সী প্রশংসা করা হয়েছে, যা দেশের জন্য গর্ব ও মর্যাদার বিষয়।

শামা ওবায়েদ জানান, শান্তিরক্ষা কার্যক্রমে নারীদের অংশগ্রহণ বাড়াতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। তিনি বলেন, নারী শান্তিরক্ষীদের সম্পৃক্ততা শুধু শান্তিরক্ষা মিশনকেই সমৃদ্ধ করছে না, বরং এটি নারীর ক্ষমতায়ন ও সামাজিক অগ্রগতির ক্ষেত্রেও ইতিবাচক ভূমিকা রাখছে।

আলোচনা সভায় তিনি শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অব্যাহত অংশগ্রহণ এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের অবস্থান সুদৃঢ় করার বিষয়ে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।