ফেনীতে পারিবারিক বিরোধ ও পরস্পরবিরোধী মামলার ঘটনায় এক দম্পতিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। স্বামী-স্ত্রী একে অপরের বিরুদ্ধে করা পৃথক মামলায় অভিযুক্ত হয়ে শেষ পর্যন্ত দুজনই কারাগারে গেলেন।
বুধবার (১০ জুন) দুপুরে উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শুনানি শেষে মিনহাজ উদ্দিন এ আদেশ দেন। মামলার নথি অনুযায়ী, ফেনীর সোনাগাজী উপজেলার সোনাপুর গ্রামের মো. সুমন ২০২৫ সালের অক্টোবর মাসে একই উপজেলার ভোয়াগ গ্রামের নাসিমা আক্তার-কে বিয়ে করেন।
অভিযোগে বলা হয়, বিয়ের দুই মাস পর নাসিমা আক্তার পূর্বপরিচিত এক ব্যক্তির সহায়তায় ৪ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ টাকা নিয়ে স্বামীর বাড়ি ছেড়ে চলে যান। এ ঘটনায় সুমনের বাবা বাচ্চু মিয়া তার বিরুদ্ধে আদালতে চুরির মামলা করেন।
অন্যদিকে নাসিমা আক্তার স্বামী মো. সুমন এবং তার শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে যৌতুক দাবির অভিযোগ এনে মামলা করেন। পরস্পরবিরোধী এসব মামলায় আদালত শুনানি শেষে স্ত্রী নাসিমা আক্তারকে চুরির মামলায় এবং স্বামী মো. সুমনকে যৌতুক মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ঘটনাটি স্থানীয় এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। পারিবারিক বিরোধ যে কীভাবে আদালত পর্যন্ত গড়াতে পারে এবং শেষ পর্যন্ত উভয় পক্ষই আইনি জটিলতায় পড়তে পারে—এই ঘটনাটি তারই একটি উদাহরণ হয়ে উঠেছে।