নাটোর ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নিতে এসে এক নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে হাসপাতালের আউটসোর্সিং কর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ জুন) দুপুরে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
অভিযোগে বলা হয়, চার দিন আগে অসুস্থ কন্যা শিশুকে হাসপাতালে ভর্তি করার পর রোববার (৭ জুন) রাতে ওই নারীকে ওষুধ দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যাওয়া হয়। পরে তাকে নির্যাতন করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে ঘটনার ভিডিও ধারণ করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার পর হাসপাতালে কর্মরত স্টাফ ও নিরাপত্তা কর্মীরা সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে তিনজনকে আটক করেন বলে জানা যায়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযুক্তদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং ঘটনাটি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহমেদ জানান, এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত চলছে। ভুক্তভোগীকে প্রয়োজনীয় চিকিৎসা ও আইনি সহায়তা দেওয়া হচ্ছে।