হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

সারাদেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৪ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

মঙ্গলবার (৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিন শিশু ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের বাসিন্দা। এ নিয়ে গত ৮৬ দিনে সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৩৯ জনে। একই সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হামে মারা গেছে ৯২ জন শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছে ৯৮০ জন। এর মধ্যে ৯৩৩ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি ল্যাব পরীক্ষায় আরও ৫৪ জনের হাম শনাক্ত হয়েছে।

সব মিলিয়ে গত ৮৬ দিনে সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮১ হাজার ৮৪ জনে। এদের মধ্যে ৬৬ হাজার ১৭০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ৯ হাজার ৮৩৩ জন।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৪ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এখন পর্যন্ত মোট ৬২ হাজার ২৯২ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানানো হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এভাবে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার করা এবং শিশুদের নিয়মিত নজরদারির আওতায় আনা জরুরি।