হরমুজ প্রণালীর কাছে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

হরমুজ প্রণালীর কাছাকাছি এলাকায় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর একটি শক্তিশালী অ্যাপাচি গানশিপ হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। তবে দুর্ঘটনার পরও ভেতরে থাকা পাইলটরা সম্পূর্ণ নিরাপদ ও অক্ষত রয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ডিসিতে ফেরার পথে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এই দুর্ঘটনায় কেউ আহত হয়নি।

ঘটনার কারণ জানতে ইতোমধ্যে মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প জানান, তদন্তের প্রাথমিক প্রতিবেদন শিগগিরই প্রকাশ করা হবে। তবে হেলিকপ্টারটি ইরানের কোনো হামলায় ভূপাতিত হয়েছে নাকি যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণে বিধ্বস্ত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, হরমুজ প্রণালী এলাকায় ইরানের নৌ অবরোধ মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বিভিন্ন ধরনের যুদ্ধবিমান, ড্রোন ও অ্যাপাচি হেলিকপ্টার মোতায়েন করে নিয়মিত অভিযান পরিচালনা করছে।

ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি উত্তেজনা বৃদ্ধির পর এটি প্রথম কোনো মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনা হিসেবে ধরা হচ্ছে। অন্যদিকে ইরান দাবি করেছে, তারা এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের অন্তত ৩০টি এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করেছে।

প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, সাধারণত অ্যাপাচি হেলিকপ্টার উপকূলীয় টহল ও নজরদারি মিশনে ব্যবহৃত হলেও সাম্প্রতিক সময়ে এগুলোকে আরও ঝুঁকিপূর্ণ সামরিক অভিযানে ব্যবহার করা হচ্ছে, বিশেষ করে সমুদ্রপথে নজরদারি ও আক্রমণ প্রতিরোধে।

এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হুমকি তৈরি করা ইরানের দুটি ড্রোন তারা গুলি করে ভূপাতিত করেছে। একই সঙ্গে তারা মধ্যপ্রাচ্যে যেকোনো ধরনের আক্রমণের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক অবস্থান বজায় রাখার কথাও জানিয়েছে।