স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় স্বামীকে বেঁধে রেখে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে ঘিওর থানায় মামলা দায়ের করেছেন। অভিযোগের পর পুলিশ তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারী দৌলতপুর উপজেলার বাসিন্দা। তার আগের স্বামী বিদেশে অবস্থানকালে স্থানীয় এক ইটভাটা শ্রমিকের সঙ্গে মোবাইল ফোনে পরিচয় ও সম্পর্ক গড়ে ওঠে। পরে প্রায় দুই মাস আগে তিনি দুই সন্তানকে মায়ের কাছে রেখে ওই শ্রমিককে বিয়ে করেন।

অভিযোগ অনুযায়ী, গত শনিবার (৬ জুন) নবদম্পতি ওই নারীর মায়ের বাড়িতে গেলে তাদের সম্পর্ক পরিবার থেকে মেনে নেওয়া হয়নি। একপর্যায়ে পরিবারের সদস্য ও স্থানীয়দের সহায়তায় তাদের বাড়ি থেকে বের করে দেওয়া হয়।

পরে নিরাপদ আশ্রয়ের খোঁজে অন্যত্র যাওয়ার পথে রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ঘিওর উপজেলার বাসুদেববাড়ী এলাকায় তাদের গতিরোধ করা হয়। ভুক্তভোগীর অভিযোগ, কয়েকজন দুর্বৃত্ত তার স্বামীকে বেঁধে রেখে তাকে পালাক্রমে ধর্ষণ করে।

ঘটনার পরদিন রোববার সকালে ভুক্তভোগী নারী নিজেই ঘিওর থানায় মামলা দায়ের করেন। মামলায় একজনকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া আরও ৬ থেকে ৭ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। তাকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহের কাজ চলছে। তিনি আরও জানান, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের অভিযান চলছে।