সুনামগঞ্জের ছাতক উপজেলার আইন্দারগাঁও সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় আনুমানিক ৭ দিন বয়সী এক নবজাতক শিশুকে উদ্ধার করা হয়েছে। সোমবার (৮ জুন) সন্ধ্যায় সিএনজি অটোরিকশা চালক কাওছার আহমেদ শিশুটিকে উদ্ধার করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ছাতক থেকে বাড়ি ফেরার পথে সড়কের পাশে শিশুর কান্নার শব্দ শুনে গাড়ি থামান চালক কাওছার আহমেদ। পরে তিনি সেখান থেকে নবজাতক শিশুটিকে দেখতে পান এবং দ্রুত উদ্ধার করেন। এ সময় শিশুটির হাতে ক্যানোলা লাগানো ছিল বলে জানা গেছে, যা থেকে ধারণা করা হচ্ছে শিশুটি আগে চিকিৎসাধীন অবস্থায় ছিল।
উদ্ধারকারী কাওছার আহমেদ দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের শিবপুর (নোয়াগাঁও) গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে। তিনি তাৎক্ষণিকভাবে নবজাতকটিকে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে শিশুটি চিকিৎসাধীন রয়েছে এবং তার প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত আরেফিন জানান, শিশুটির শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। তবে সম্পূর্ণ সুস্থতা নিশ্চিত করতে তাকে আরও ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে।
তিনি আরও বলেন, শিশুটি সুস্থ হয়ে উঠলে কেউ যদি তার দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেন, তবে সমাজসেবা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে আইনানুগ প্রক্রিয়ায় বিষয়টি বিবেচনা করা হবে।
এদিকে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নবজাতকটি কীভাবে সড়কের পাশে এলো এবং তার পরিচয় কী—তা জানতে কাজ শুরু করেছে পুলিশ। ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, শিশুটির প্রকৃত পরিচয় শনাক্তে তদন্ত চলছে এবং এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হবে।