বাংলাদেশ পুলিশের এডিশনাল ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (এডিশনাল আইজিপি) পদে পদোন্নতি পাওয়ার পর নিজ জন্মস্থান মাদারীপুরের শিবচরে এসেছেন ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি ও এলাকার কৃতি সন্তান রেজাউল করিম মল্লিক। তাঁর আগমনকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
মঙ্গলবার সকাল ৯টার দিকে তিনি উপজেলার নিজ বাড়িতে পৌঁছান। সেখানে পৌঁছে প্রথমেই মরহুম পিতার কবর জিয়ারত করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
কবর জিয়ারত শেষে রেজাউল করিম মল্লিক শিবচর থানা পরিদর্শনে যান। এ সময় তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও অন্যান্য পুলিশ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং থানার কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি কর্তব্যরত পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করে জনগণের প্রতি আরও মানবিক, দায়িত্বশীল ও পেশাদার আচরণ নিশ্চিত করার আহ্বান জানান।
থানা পরিদর্শনের একপর্যায়ে তিনি থানা প্রাঙ্গণে একটি এভোকাডো গাছের চারা রোপণ করেন। পরিবেশ রক্ষা ও সবুজায়নের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান।
এ সময় তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সততা, নিষ্ঠা ও জনসেবার মানসিকতা নিয়ে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।
শিবচর সফরকালে তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। তাঁর পদোন্নতিতে শুভেচ্ছা জানাতে স্থানীয়রা ফুল দিয়ে অভিনন্দন জানান এবং উষ্ণ অভ্যর্থনা জানান।
এলাকাবাসীর ভাষ্য, শিবচরের সন্তান রেজাউল করিম মল্লিকের এডিশনাল আইজিপি পদে পদোন্নতি পুরো উপজেলার জন্য গৌরবের বিষয়। তাঁর এই সাফল্যে স্থানীয়দের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে।