ভোলার দৌলতখান উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের পুকুরে পড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (৯ জুন) সকালে দৌলতখান উপজেলার মধ্য জয়নগর গ্রামের বক্সেআলী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বিলাস-২ নামের একটি বাস চরফ্যাশন উপজেলা থেকে যাত্রী নিয়ে ভোলা সদরের ইলিশা লঞ্চঘাটের দিকে যাচ্ছিল। পথে বক্সেআলী ব্রিজ এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পুকুরে পড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং যাত্রীদের উদ্ধার করেন। পরে যাত্রীরা নিরাপদে নিজ নিজ গন্তব্যে চলে যান বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে বাংলাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ তাজিব উদ্দিন বলেন, “বাসটি দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের উদ্ধার করি। সৌভাগ্যবশত কেউ গুরুতর আহত হননি।”
তিনি আরও জানান, ঘটনার পর বাসটি পুকুর থেকে উদ্ধারের ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।