সামাজিক যোগাযোগমাধ্যমে তরুণীদের সঙ্গে সখ্য গড়ে তুলে তাদের আপত্তিকর ছবি ও ভিডিও সংগ্রহ এবং পরে সেগুলো ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মো. আলিফ হোসেন (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যায় নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সোমবার (৮ জুন) টাঙ্গাইল জেলার গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আলিফ হোসেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার চরবিরসিংহ এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, নওগাঁর ধামইরহাট উপজেলার এক তরুণীর আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় তার বাবা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ।
তদন্তে আধুনিক তথ্যপ্রযুক্তি ও সাইবার বিশ্লেষণের মাধ্যমে অভিযুক্তের পরিচয় ও অবস্থান শনাক্ত করা হয়। পরে পুলিশের একটি বিশেষ দল টাঙ্গাইলের গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে আলিফকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক তল্লাশিতে ওই মোবাইলে ধামইরহাটের ভুক্তভোগী তরুণী ছাড়াও আরও তিন নারীর আপত্তিকর ছবি ও ভিডিও পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ। এছাড়া তার স্ত্রীর ব্যক্তিগত ভিডিওও মোবাইলে সংরক্ষিত ছিল।
পুলিশি জিজ্ঞাসাবাদে আলিফ স্বীকার করেছেন যে, তিনি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের সঙ্গে পরিচয় গড়ে তুলতেন। পরে কৌশলে তাদের ব্যক্তিগত ছবি ও ভিডিও সংগ্রহ করে সংরক্ষণ করতেন। পরবর্তীতে এসব ব্যবহার করে ভুক্তভোগীদের ভয়ভীতি প্রদর্শন ও ব্ল্যাকমেইলের চেষ্টা করতেন। পুলিশ সুপার জানান, অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে আরও কোনো ভুক্তভোগী রয়েছে কি না, সে বিষয়েও তদন্ত চলছে।