টাঙ্গাইলের সখীপুর-সাগরদিঘী সড়কের কালিয়া ঘোনারচালা এলাকায় পেছনে দাঁড়িয়ে থাকা বাঁশভর্তি ট্রাককে ধাক্কা দিয়ে মুরগি বোঝাই একটি পিকআপ ভ্যানের সংঘর্ষে চারজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনাটি মঙ্গলবার (৯ জুন) ভোর ৪টার দিকে ঘটে।
স্থানীয় সূত্র জানায়, কালিয়া বাজার সংলগ্ন এলাকায় একটি ট্রাকে বাঁশ বোঝাই করার কাজ চলছিল। তখন বড়চওনা দিক থেকে আসা দ্রুতগতির পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে পিকআপে থাকা চারজন ঘটনাস্থলেই মারা যান এবং ট্রাকে থাকা একজন গুরুতর আহত হন।
নিহতরা হলেন: নূরনবী (৬৪), জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার আবুল হাকিমের ছেলে, রফিকুল (১৮), নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার মো. পলাশের ছেলে, সাগর (২২), নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার মো. এরশাদের ছেলে, সুমন (২৬), ভোলা জেলার মো. সেলিমের ছেলে, ঢাকার মিরপুর-১ এলাকায় বসবাস করতেন
আহত ব্যক্তির নাম মো. জহিরুল ইসলাম (৪০), ঘাটাইল উপজেলার লক্ষীন্দর গ্রামের আফসার আলী মণ্ডলের ছেলে। তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সখীপুর থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও আইনগত কার্যক্রম চলমান রয়েছে।