জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

বগুড়ার ধুনট উপজেলায় মশাল মিছিল থেকে যুবদল নেতার ওপর ককটেল হামলার অভিযোগে জাহাঙ্গীর আলম (৪২) নামে শ্রমিক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৬ জুন) রাতে ধুনট শহর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে শনিবার (৭ জুন) দুপুরে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার জাহাঙ্গীর আলম ধুনট সদরপাড়ার বাসিন্দা মতিউর রহমানের ছেলে। তিনি উপজেলা শ্রমিক লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে জানা গেছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ধুনট শহরের শহীদ মিনার চত্বরে জড়ো হয়ে মশাল মিছিল বের করেন। মিছিলে তারা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শহর প্রদক্ষিণ করেন।

অভিযোগ অনুযায়ী, ওই সময় যুবদল নেতা রিপন সেখ ও তার সহযোগীরা মিছিলে প্রতিবাদ জানালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে মিছিলকারীদের পক্ষ থেকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

ঘটনার দুই দিন পর, ১৯ ফেব্রুয়ারি ধুনট পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রিপন সেখ বাদী হয়ে ধুনট থানায় মামলা দায়ের করেন। মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৯৬ জন নেতাকর্মীকে আসামি করা হয়।

পুলিশ জানিয়েছে, মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।