ক্রিকেটার নাসির হোসেন এবং তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মীর বিরুদ্ধে দায়ের করা ব্যভিচার মামলার রায় আগামী বুধবার (১০ জুন) ঘোষণা করবেন আদালত। মামলাটি বাংলাদেশের বিচারিক ইতিহাসে ব্যভিচারসংক্রান্ত মামলায় প্রথম রায় হিসেবে নজির স্থাপন করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে গত ৬ মে ঢাকার আদালত রায়ের জন্য ১০ জুন দিন ধার্য করেন। ওই দিন বাদী ও আসামিপক্ষের আইনজীবীরা চূড়ান্ত যুক্তি উপস্থাপন করেন।
বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসান আদালতের কাছে নাসির হোসেন ও তামিমা সুলতানার সর্বোচ্চ শাস্তি দাবি করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু অভিযোগ প্রমাণিত হয়নি উল্লেখ করে তাদের খালাস চান। শুনানির সময় উভয় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের ১৬ এপ্রিল সাক্ষ্যগ্রহণ শেষ হয়। আদালত মোট ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। এরপর একই বছরের ৯ ফেব্রুয়ারি নাসির হোসেন ও তামিমা সুলতানার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। তবে তামিমার মা সুমি আক্তারকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।
অভিযোগপত্রে বলা হয়, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি তামিমা সুলতানার সঙ্গে রাকিব হাসানের বিয়ে হয় এবং তাদের একটি কন্যাসন্তান রয়েছে। পরবর্তীতে ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি নাসির ও তামিমার বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি সামনে আসে। পরে সাবেক স্বামী রাকিব হাসান বিষয়টি নিয়ে আদালতে মামলা করেন।
বাদীপক্ষের অভিযোগ, পূর্বের বৈবাহিক সম্পর্ক চলমান থাকা অবস্থায় তামিমা ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে করেন, যা আইন ও ধর্মীয় বিধানের লঙ্ঘন। পাশাপাশি নাসির হোসেন তামিমাকে প্ররোচিত করে নিজের কাছে নিয়ে যান বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করা হয়। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে এখন সকলের নজর রায় ঘোষণার দিকে।