‘ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়, আবার জামায়াতও ইসলাম নয়’

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, ‘ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়, আবার জামায়াতে ইসলামীও ইসলাম নয়। সবকিছুতে এভাবে ইসলামের দোহাই দেওয়া ঠিক নয়।’

মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদে বিরোধীদলের সমালোচনার জবাবে তিনি এ মন্তব্য করেন। সাম্প্রতিক সময়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শীর্ষ পর্যায়ের রদবদল, গ্রাহক বিক্ষোভ এবং সাবেক ব্যবস্থাপনা পরিচালকের পদত্যাগের বিষয়টি সংসদে আলোচনায় আসে। এর আগে ডা. শফিকুর রহমান অভিযোগ করেছিলেন যে, একটি ষড়যন্ত্রের মাধ্যমে ব্যাংকটির চেয়ারম্যান পদে অযোগ্য ব্যক্তিকে বসানো হয়েছে।

প্রশ্নোত্তর পর্বে বিরোধীদলের উপনেতা আবদুল্লাহ মোহাম্মদ তাহের ইসলামী ব্যাংকের বর্তমান পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করেন। তিনি দাবি করেন, অতীতে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যাংক থেকে বিপুল অর্থ সরিয়ে নেওয়া হয়েছিল এবং বর্তমানে নতুন করে বিতর্কিত ব্যক্তিদের দায়িত্বে বসানো হয়েছে।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ব্যাংকের চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদের সদস্যদের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী বাংলাদেশ ব্যাংক-এর রয়েছে। এ বিষয়ে আপত্তি থাকলে আইন পরিবর্তনের উদ্যোগ নিতে হবে।

তিনি আরও অভিযোগ করেন, একটি মহল গ্রাহকের পরিচয়ে আন্দোলন করে ব্যাংকে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। এ ধরনের প্রচারণার মাধ্যমে জনগণকে বিভ্রান্ত না করার আহ্বান জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইসলামী ব্যাংকের বৈধ শেয়ারহোল্ডারদের শেয়ার যথাযথভাবে হস্তান্তর করা হবে। পাশাপাশি ব্যাংক থেকে ঋণ নিয়ে ফেরত না দেওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত করা হবে। এছাড়া অতীতে নিয়মবহির্ভূতভাবে চাকরিচ্যুত হওয়া প্রায় ৯ হাজার কর্মীর বিষয়টিও তদন্তের আওতায় আনা হবে বলে তিনি জানান।