দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৮৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।
সোমবার (৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ৯২ জন। চলতি বছরের ১৫ মার্চ থেকে ৮ জুন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮০ হাজার ১০৪ জনে। এ সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৯৩ জন। ১৫ মার্চ থেকে ৮ জুন পর্যন্ত মোট নিশ্চিত রোগীর সংখ্যা ৯ হাজার ৭৭৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একই সময়কালে সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৫ হাজার ২৩৭ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬১ হাজার ২৭৮ জন।
প্রতিবেদনে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে ৭ জন শিশুর মৃত্যু হয়েছে। আর ১৫ মার্চ থেকে ৮ জুন পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৫৩৬ শিশুর মৃত্যু হয়েছে।
এছাড়া নিশ্চিত হামে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে ৮ জুন পর্যন্ত নিশ্চিত হামে মোট ৯২ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের সংক্রমণ রোধে দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার করা এবং আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করা জরুরি।