শ্যামনগরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ উদ্বোধন

শ্যামনগর প্রতিনিধি, এস কে সিরাজ   প্রকাশিত হয়েছে- রবিবার, ৭ জুন, ২০২৬

সাতক্ষীরার উপকূলীয় উপজেলা শ্যামনগরে কৃষকদের আধুনিক ও টেকসই কৃষি কার্যক্রমে আরও সম্পৃক্ত করার লক্ষ্যে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬” অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ ওয়ালিউল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬-এর উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইংয়ের পরিচালক কৃষিবিদ ওবায়দুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ রফিকুল ইসলাম, অতিরিক্ত পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম, কৃষিবিদ গৌর গোবিন্দ, কৃষিবিদ মো. মোসাদ্দেক হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মাস্টার আব্দুল ওয়াহেদ, জেলা বিএনপির সদস্য জি এম সোলায়মান কবীর, জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান, প্রেসক্লাব সভাপতি আলহাজ সামিউল আযম মনির, রিপোর্টার্স ক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক এস কে সিরাজ, সাধারণ সম্পাদক মো. ইয়াছিন আরাফাতসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

অনুষ্ঠানে শতাধিক নারী ও পুরুষ কৃষক অংশগ্রহণ করেন এবং কৃষি উন্নয়ন, প্রযুক্তি সম্প্রসারণ ও কৃষকদের জন্য সরকারি বিভিন্ন সহায়তা কর্মসূচি সম্পর্কে অবহিত হন। পরে অতিথিরা কৃষি বিষয়ক বিভিন্ন প্রদর্শনী স্টল পরিদর্শন করেন।

আলোচনায় বক্তারা বলেন, কৃষিখাতের উন্নয়নে সরকার নানা কার্যক্রম বাস্তবায়ন করছে। এলাকার মাটি ও আবহাওয়ার উপযোগী বিভিন্ন জাতের ফসল ও গাছের চাষ সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি কৃষকদের সব ধরনের সহযোগিতা নিশ্চিত করা হবে এবং পর্যায়ক্রমে কৃষকদের কৃষি কার্ড প্রদান করা হবে বলেও জানান তারা।