যশোরের শার্শায় অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টুর বিরুদ্ধে দায়ের করা মামলাটি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক দাবি করে তা প্রত্যাহারের দাবিতে গত শনিবার (৭ জুন) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় শার্শা উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া মানববন্ধন শার্শা থানার সামনে পর্যন্ত বিস্তৃত হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বিগত ১৭ বছর বিভিন্ন রাজনৈতিক মামলা-মোকদ্দমায় বিএনপির নেতাকর্মীদের আইনি সহায়তা দিয়ে আসছেন অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু। তার বিরুদ্ধে দায়ের করা মামলাটি উদ্দেশ্যপ্রণোদিত এবং তার রাজনৈতিক ও সামাজিক সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা বলে দাবি করা হয়।
বক্তারা শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও যশোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)-কে মামলার পুনঃতদন্তের জন্য আহ্বান জানান। একই সঙ্গে অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। তারা হুঁশিয়ারি দিয়ে জানান, দাবি পূরণ না হলে পর্যায়ক্রমে থানা ঘেরাও, সড়ক অবরোধসহ বৃহত্তর আন্দোলন কর্মসূচি নেওয়া হবে।
মানববন্ধনে বক্তব্য দেন শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ, উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, বিএনপির সহ-দপ্তর সম্পাদক সাইদুজ্জামান, মহিলা বিষয়ক সম্পাদক পারুল খাতুন, বাহাদুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল কাদের খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সেলিম হোসেন আশা, সাবেক যশোর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক খান মোহাম্মদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা জানান, মানববন্ধনের মাধ্যমে তাদের আন্দোলনের সূচনা হয়েছে এবং মামলা প্রত্যাহারের দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি নেওয়া হবে।