বিসিবি নির্বাচন সর্বোচ্চ ভোটে পরিচালক পদে বিজয়ী তামিম, বাকিদের কি অবস্থা?

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- রবিবার, ৭ জুন, ২০২৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে ক্লাব ক্যাটাগরি থেকে সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক পদে বিজয়ী হয়েছেন তামিম ইকবাল খান। তিনি পেয়েছেন ৭৩ ভোট, যা এবারের নির্বাচনে সর্বোচ্চ।

রোববার (৭ জুন) বিকেলে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভোট গণনা শেষে এ ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। ক্লাব ক্যাটাগরিতে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ১২ জন পরিচালক হিসেবে নির্বাচিত হন। নির্বাচিত অন্যরা হলেন— মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম আহমেদ, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ইয়াসির ফয়সাল, আসিফ রাব্বানি, ড. মাহবুব শামীম এবং সাকেফ আহমেদ সালাম।

অন্যদিকে, নির্বাচনে পরাজিত হয়েছেন বোরহানুল পাপ্পু, আমজাদ হোসেন, ফায়াজুর রহমান মিতু এবং মেজর ইমরোজ আহমেদ।

ভোটের ফলাফলে দ্বিতীয় সর্বোচ্চ ৭২ ভোট পেয়েছেন সাইদ ইব্রাহিম আহমেদ এবং ইসরাফিল খসরু। মাসুদুজ্জামান পেয়েছেন ৭০ ভোট এবং ইয়াসির ফয়সাল পেয়েছেন ৬৮ ভোট। ফাহিম সিনহা ও শানিয়ান তানিম পেয়েছেন সমান ৬৬ ভোট করে। আসিফ রাব্বানি পেয়েছেন ৬৪ ভোট এবং ইয়াসির আব্বাস পেয়েছেন ৬৩ ভোট। রফিকুল ইসলাম বাবু পেয়েছেন ৫৩ ভোট, আর ড. মাহবুব শামীম পেয়েছেন ৪১ ভোট।

পরাজিত প্রার্থীদের মধ্যে বোরহানুল পাপ্পু পেয়েছেন ৪০ ভোট, আমজাদ হোসেন ৩২ ভোট, ফায়াজুর রহমান মিতু ২৩ ভোট এবং মেজর ইমরোজ আহমেদ পেয়েছেন ২০ ভোট।নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ক্লাব ক্যাটাগরিতে মোট ভোটার ছিলেন ৭৬ জন, যার মধ্যে ৭৪টি ভোট কাস্ট হয়েছে। এবারের নির্বাচনে মোট ১৫টি পরিচালক পদের জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচিত পরিচালকদের ভোটেই পরবর্তীতে বিসিবির সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত হবেন।