বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন আজ রোববার (৭ জুন) অনুষ্ঠিত হবে। রাজধানীর মিরপুরে শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোটগণনা শেষে পরিচালক পদে নির্বাচিতদের নাম ঘোষণা করা হবে। একই দিনে নতুন পরিচালনা পর্ষদের সদস্যদের ভোটে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচনও অনুষ্ঠিত হবে।
বিসিবির ২৫ সদস্যের পরিচালনা পর্ষদের মধ্যে ১০টি পদ ইতোমধ্যে প্রায় নিশ্চিত হয়ে গেছে। এর মধ্যে আটজন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি দুটি পদে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত প্রতিনিধি থাকবেন। ফলে আজ ১৫টি পরিচালক পদের জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে ১০ জন, ঢাকার ক্লাবগুলো থেকে ১২ জন এবং সাবেক ক্রিকেটার, জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সেবামূলক প্রতিষ্ঠান ক্যাটাগরি থেকে একজন পরিচালক নির্বাচিত হন।
সাবেক পরিচালক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর সিরাজউদ্দিন মো. আলমগীর একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন। এছাড়া জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার ক্যাটাগরিতে চট্টগ্রাম বিভাগ থেকে মিনহাজুল আবেদিন নান্নু ও মঈন উদ্দিন, সিলেট থেকে আব্দুল কাইয়ুম চৌধুরি, রাজশাহী বিভাগ থেকে মীর শাকরুল আলম সীমান্ত, রংপুর বিভাগ থেকে মির্জা ফয়সল আমীন এবং ঢাকা বিভাগ থেকে সাইদ বিন জামান ও এস এম আব্দুল্লাহ আল ফুয়াদও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
তবে খুলনা ও বরিশাল বিভাগে ভোটগ্রহণ হবে। খুলনা বিভাগের দুটি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ শফিকুল আলম, শান্তনু ইসলাম ও মোহাম্মদ আবদুস সালাম। অন্যদিকে বরিশাল বিভাগের একটি পদের জন্য লড়ছেন মোহাম্মদ মিজানুর রহমান ও মোহাম্মদ মুনতাসির আলম চৌধুরী।
ঢাকার ক্লাব ক্যাটাগরিতেও জমে উঠেছে প্রতিদ্বন্দ্বিতা। দুটি মনোনয়ন প্রত্যাহার হলেও ১২টি পদের বিপরীতে ১৬ জন প্রার্থী মাঠে রয়েছেন। তাদের মধ্যে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালও রয়েছেন। এছাড়া ফাহিম সিনহা, মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, সাঈদ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মীর্জা ইয়াসির আব্বাস, শানিয়ান তানিম, আমজাদ হোসেন, সৈয়দ বোরহানুল হোসেন পাপ্পু, সাকিফ আহমেদ সালাম, আসিফ রাব্বানী, ফায়াজুর রহমান মিতু, অধ্যাপক ড. সরকার মাহবুব হোসেন শামিম, মেজর ইমরোজ এবং ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিকও প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
নির্বাচন শেষে সভাপতি ও সহ-সভাপতি পদে কারা দায়িত্ব পাচ্ছেন, সেদিকে নজর রয়েছে দেশের ক্রিকেট অঙ্গনের। নতুন পরিচালনা পর্ষদের হাত ধরেই আগামী দিনের বাংলাদেশ ক্রিকেটের প্রশাসনিক দিকনির্দেশনা নির্ধারিত হবে।