সিলেটের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য সাদাপাথরে পর্যটকদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে নতুন নির্দেশনা দিয়েছে প্রশাসন। নির্দেশনা অনুযায়ী, এখন থেকে পর্যটকদের ভোলাগঞ্জ ১০ নম্বর নৌকাঘাট ব্যবহার করে সাদাপাথরে যেতে হবে। কালাইরাগ হয়ে বাংলাদেশ-ভারত সীমান্তসংলগ্ন সড়কপথে যাতায়াত সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশের পাশাপাশি কালাইরাগ এলাকায় কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। এতে পর্যটকদের নির্ধারিত নৌপথ ব্যবহার করার আহ্বান জানানো হয়েছে এবং সীমান্তঘেঁষা বিকল্প পথে চলাচল থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে।
সাইনবোর্ডে বলা হয়েছে, পর্যটকদের নিরাপত্তা বিবেচনায় সাদাপাথরে যাতায়াতের জন্য শুধুমাত্র ভোলাগঞ্জ ১০ নম্বর ঘাট ব্যবহার করতে হবে। সীমান্ত এলাকা দিয়ে যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে।
অন্যদিকে, নৌকাঘাটের ইজারাদাররাও এ বিষয়ে সংবাদ সম্মেলন করে প্রশাসনের সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছেন। তাদের দাবি, ইজারার শর্ত মেনে সাদাপাথর ঘাট সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে। তবে সম্প্রতি অনেক পর্যটক কালাইরাগের সীমান্তঘেঁষা ঝুঁকিপূর্ণ পথ ব্যবহার করে সাদাপাথরে প্রবেশ করছেন, যা নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছে।
ইজারাদারদের মতে, ওই পথ দিয়ে চলাচলের ফলে দুর্ঘটনা, অবৈধ সীমান্ত অতিক্রম এবং মানবপাচারের মতো ঝুঁকি তৈরি হতে পারে। এসব কারণে বিকল্প পথটি বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে।
পর্যটকদের জীবন ও সম্পদের নিরাপত্তার কথা বিবেচনা করে নির্ধারিত নৌপথ ব্যবহার করে ভোলাগঞ্জ ১০ নম্বর ঘাট হয়ে সাদাপাথরে যাতায়াতের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।