সাতক্ষীরায় সীমানা পিলারসহ আটক ৪

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- শনিবার, ৬ জুন, ২০২৬

সাতক্ষীরার তালা উপজেলায় সীমানা পিলারসহ চারজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৫ জুন) দিবাগত রাতে উপজেলার খেশরা ইউনিয়নের কলাগাছি গ্রামের একটি বাড়ি থেকে পিলারটি উদ্ধার করা হয়।

আটকরা হলেন কলাগাছি গ্রামের মৃত চতুর চন্দ্র সানার ছেলে ভোলানাথ সানা (৫০), খুলনার বটিয়াঘাটা উপজেলার যাদব সরকার (৪৫), পাইকগাছার তুষার (৪৬) এবং ভোলানাথ সানার আত্মীয় সুশান্ত (৪০)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভোলানাথ সানার বাড়ির পাশে একটি ঘরে সীমানা পিলারটি মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল। পরে বিশেষজ্ঞদের পরীক্ষার জন্য সেটি খুঁড়ে বের করে ঘরের ভেতরে রাখা হয়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে পিলারসহ চারজনকে আটক করে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, সীমানা পিলার বেচাকেনার খবর পেয়ে অভিযান চালানো হয়। ঘটনাস্থল থেকে পিলারসহ চারজনকে হাতেনাতে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আর যারা জড়িত নন, যাচাই-বাছাই শেষে তাদের ছেড়ে দেওয়া হবে। উদ্ধার হওয়া সীমানা পিলারের উৎস ও এটি কীভাবে সেখানে এলো, তা তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার পেছনে কোনো চক্র জড়িত আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।