সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- শনিবার, ৬ জুন, ২০২৬

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। অভিযোগের পর অভিযুক্ত ব্যক্তি পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্র ও মামলার বিবরণ থেকে জানা যায়, উপজেলার আওনা ইউনিয়নের কোমারপাড়া এলাকায় বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ইব্রাহীম, মৃত নুরুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ওই ছাত্রীর পরিবারের মোবাইল ফোনে কল করে বিভিন্ন ধরনের অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। তবে সামাজিক সংকোচ ও লোকলজ্জার কারণে ছাত্রীটি বিষয়টি পরিবারের সদস্যদের জানায়নি।

অভিযোগ অনুযায়ী, ঘটনার দিন বিকেলে বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় ইব্রাহীম জোরপূর্বক ওই ছাত্রীকে তার ঘরের ভেতরে নিয়ে যান। সেখানে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে তাকে ধর্ষণ করেন। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন এগিয়ে এসে মেয়েটিকে উদ্ধার করেন। তবে ঘটনার পরপরই অভিযুক্ত ইব্রাহীম কৌশলে পালিয়ে যান।

ঘটনার পর ভুক্তভোগী ছাত্রীর পরিবার নিরাপত্তার স্বার্থে সেদিন রাতেই সরিষাবাড়ী থানায় আশ্রয় নেয়। পরদিন শুক্রবার (৫ জুন) দুপুরে ছাত্রীর বাবা বাদী হয়ে সরিষাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ অভিযোগটি নথিভুক্ত করে প্রয়োজনীয় আইনি কার্যক্রম শুরু করেছে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, এ ঘটনায় একটি মামলা গ্রহণ করা হয়েছে। ভুক্তভোগীকে চিকিৎসা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে দৃষ্টান্ত শাস্তির দাবি জানিয়েছেন।