ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত) ঝটিকা মিছিলের ২৪ ঘণ্টার মধ্যেই লালমনিরহাটে জেলা পুলিশের বিশেষ চিরুনি অভিযানে ছাত্রলীগ ও যুবলীগ (নিষিদ্ধ ঘোষিত) এর ১৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার দুপুরে কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে তাদের আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক সকলের জামিন আবেদন নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। গ্রেপ্তারদের মধ্যে লালমনিরহাট সদর উপজেলা যুবলীগের সভাপতি মোতালেব হোসেনও রয়েছেন। তার বিরুদ্ধে জেলাজুড়ে বিভিন্ন সহিংসতার নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে।
আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে লালমনিরহাটের ছয়টি হত্যা মামলা এবং হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন সুমা জানান, শুক্রবার দুপুরে ঝটিকা মিছিলের পরপরই সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান শুরু করে। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।